পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ যুবক আটক
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নদী রক্ষা বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে প্রশাসন।
এ সময় মাটিভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ মার্চ) দিবাগত মধ্যরাতে অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে প্রশাসনের একটি দল সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস হিরো ইটভাটার সামনে থেকে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ সাকিব রানা (২০) নামে এক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে পদ্মা নদীর মাটি উত্তোলন করে তিনি ওই ইটভাটায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) মাটি নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এতে তার মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা হয়।
এছাড়া ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হককে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, পদ্মা নদী ও স্পার বাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
১৪৩ বার পড়া হয়েছে