শিবগঞ্জে সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে নিহত ১
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্ক নিয়ে বসা এক সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার কোর্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান শিবগঞ্জ উপজেলার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফা সালিশ বৈঠকে বসেন।
রোববার রাতেও একই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে সালিশ অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন সালিশস্থান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন।
এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন আনিসুর রহমান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৩৭ বার পড়া হয়েছে