চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০৫০ পিস ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৯ মার্চ) রাত প্রায় ১২টা ৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্টান্ডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নেশাজাতীয় ট্যাবলেটগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত পথে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গত তিন মাসে ৫৩ বিজিবি একজন আসামিসহ ২৩২ বোতল ফেন্সিডিল, ৩৮৯ বোতল মদ, ১ হাজার ৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৭ হাজার ৫৫০টি ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ করেছে। এছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় জ্বালানি ও মাদক চোরাচালান ঠেকাতে অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
১২১ বার পড়া হয়েছে