পিরোজপুরে ফুলকুঁড়ি আসরের পাঠক আড্ডা ও ইফতার
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ‘মাসিক ফুলকুঁড়ি পাঠক আড্ডা ও ইফতার অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। মাসিক ফুলকুঁড়ির চার যুগে পদার্পণ উপলক্ষে এ আয়োজন করা হয়।
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার পরিচালক আব্দুল্লাহ মুহাম্মদ যায়েদ। শাখা সহকারী পরিচালক অগ্রপথিক মুছা সরদারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন ফুলকুঁড়ি বন্ধু তাম্মান মাহমুদ ও মো. তাহসান ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাবেক পরিচালক হাছিবুর রহমান হাছিব।
অনুষ্ঠানে খুদে লেখকদের স্বরচিত লেখা পাঠ, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। অতিথিরা শিশু-কিশোরদের লেখালেখি, বইপড়া ও সাহিত্যচর্চায় আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহ দেন।
পরে লেখালেখি প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল ক্ষুদে লেখকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে পবিত্র রমজান মাসে শিশুদের করণীয় এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।
১১৯ বার পড়া হয়েছে