মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার।
আজ সোমবার (৯ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
এছাড়া দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে বলা হয়েছে এবং বিদ্যমান আলোর অন্তত অর্ধেক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস চলাকালীন সময়েও প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার কথা বলা হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে।
পাশাপাশি অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলা এবং গাড়ির ব্যবহার সীমিত রাখারও নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১৪৩ বার পড়া হয়েছে