রাজশাহীতে তেল সংকট: পুলিশের পাহারায় ফিলিং স্টেশনে তেল বিক্রি
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী শহরে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে রোববারও বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নগরের একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে তেল বিক্রির ঘটনা ঘটেছে।
রোববার সকাল ১০টার দিকে নগরের বিভিন্ন পাম্পে ঘুরে দেখা যায়, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। তেলের মেশিনের ওপর সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ছিল: ‘জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেলকে সর্বোচ্চ ১০০ টাকা, মাহিন্দ্রা বা ভটভটিকে ২০০ টাকা, প্রাইভেট কারকে ১,০০০ টাকা এবং পিকআপ ভ্যানকে ৩০০ টাকার তেল দেওয়া হবে।’
তবে অনেক চালক অভিযোগ করেন, পাম্পে তেল থাকা সত্ত্বেও কখনো কখনো তাদের যানবাহনকে তেল দেওয়া হচ্ছিল না। এ নিয়ে পাম্প এলাকায় একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয়।
একজন ক্ষুব্ধ বাইকচালক বলেন, “যদি তেল দেওয়া না হয়, তাহলে দড়ি বেঁধে পাম্প বন্ধ করে রাখতে পারতেন। আমাদের লাইনে দাঁড় করিয়ে অযথা হয়রানি করার কী প্রয়োজন?”
শনিবারও এমন পরিস্থিতি দেখা গেছে। বিভিন্ন পাম্পে তেল নেওয়ার সময় হট্টগোলের ঘটনা ঘটে। খবর পেয়ে নগরের মেসার্স আফরীন ফিলিং স্টেশনে পুলিশ দ্রুত পৌঁছে। পুলিশ পাম্পের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে এবং অপেক্ষমাণ যানবাহনগুলোকে তেল দেওয়া শুরু হয়।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সোলাইমান কবির জানান, “তেলের কোনো ঘাটতি নেই। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে তেল রাজশাহীতে পৌঁছাতে কিছুটা সময় লাগে, এ কারণে ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, “শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় অনেক পাম্পে তেল শেষ হয়ে গেছে। তবে রোববার সরবরাহ পুনরায় শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।”
১৯৩ বার পড়া হয়েছে