কালাইয়ে সরকারি পুকুরের মাটি বিক্রি: ছাত্রদল নেতাকে জরিমানা
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর সংস্কারের আড়ালে অবৈধভাবে মাটি খনন ও বিক্রির অভিযোগে এক ছাত্রদল নেতাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের একটি সরকারি পুকুর প্রায় দুই মাস ধরে সংস্কারের নামে গভীরভাবে খনন করে মাটি বিক্রি করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অভিযান চালান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীম আরা। এ সময় অভিযুক্ত নাজেবুর রহমান সুইটের বিরুদ্ধে অবৈধ খননের প্রমাণ পাওয়া গেলে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযুক্ত সুইট কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এর আগেও একই অভিযোগে উপজেলা প্রশাসন খননকাজ বন্ধ করে দিয়েছিল। তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান অভিযান চালিয়ে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি এস্ক্যাবিটর (ভেক্যু) মেশিনের দুটি ব্যাটারি জব্দ করেন। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুনরায় খনন ও মাটি বিক্রির কার্যক্রম চালিয়ে যান তিনি।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ও গভীর খননের ফলে পুকুরপাড়ে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ট্রাক্টরে নিয়মিত মাটি পরিবহনের কারণে এলাকার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাঁচশিরা-মোলামগাড়ীহাট সড়কে কাদামাটি জমে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই ছোট যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, সরকারি পুকুরে অবৈধভাবে মাটি খনন ও বিক্রির দায়ে জরিমানা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
১০৪ বার পড়া হয়েছে