কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৬ দিন পর সেফটি ট্যাংকিতে মিলল ৪ মাসের শিশুর লাশ
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৩:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি কাঁঠালতলা গ্রামে নিখোঁজের ২৬ দিন পর সেফটি ট্যাংকি থেকে চার মাস বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে বাড়ির পেছনের সুয়ারেজ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা মরদেহটি দেখতে পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে গৃহবধূ রিপা বেগম তার চার মাস বয়সী ছেলে আশরাফুলকে বুকের দুধ খাইয়ে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে উঠানে কাজ করতে যান। কিছু সময় পর ঘরে ফিরে এসে শিশুটিকে দোলনায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় এক প্রতিবেশী জানান, বোরকা পরা তিন নারীকে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা গেছে এবং তাদের কোলে একটি শিশু ছিল। এরপর থেকে পরিবারটি শিশুটি অপহরণের শিকার হয়েছে বলে ধারণা করে আসছিল।
ঘটনার ২৬ দিন পর বুধবার সকালে শিশুটির দাদা হারুনুর রশিদ বাড়ির পেছনের সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে—এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রাথমিকভাবে রূপা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদ ফয়জুল ইসলাম, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানান, নিখোঁজের পর থেকেই ঘটনাটি তদন্তাধীন ছিল। মরদেহ উদ্ধারের পর তদন্ত আরও জোরদার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
১৪৬ বার পড়া হয়েছে