রূপগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ: ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল-গুলি নিক্ষেপ
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মৈকুলী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বি ব্রাদার্স নামক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।
শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলা এই বিক্ষোভের কারণে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশের উপস্থিতিতে উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হন।
শ্রমিকরা জানিয়েছেন, মৈকুলী এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেডে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করছেন। তারা গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত টানা ৩ মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছেন। তবে মালিকপক্ষ “দিবে দিচ্ছি” বলে দাবি টালবাহানা করছে। এমনকি যারা বেতনের দাবিতে কথা বলছে বা প্রতিবাদ করছে, তাদের চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন।
শনিবার সকাল ৭ টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে তাদের দাবী নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল ৮ টার দিকে তারা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের মাত্রা বাড়ান। এ কারণে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দুপুর ১ টার দিকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ শুরু করে। উত্তেজিত শ্রমিকেরা কারখানার জানালার কাচ ও সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশের অভিযোগ, এই সময় ইটের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে সাহায্য করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলেও শ্রমিকরা তার উপর চড়াও হয়ে তাঁকে কারখানার ভিতরে আটক করে।
দুপুর ২ টার দিকে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ঘটনাস্থলে এসে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে কারখানার ভিতর থেকে উদ্ধার করেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে দাঁড়ান এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
১০৬ বার পড়া হয়েছে