কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৭টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৩৪ জন ভোটারের মধ্যে ৪১৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. আবু সাঈদ ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সোহেল খালিদ মো. সাঈদ পেয়েছেন ১৩৩ ভোট এবং অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. এম. শাতিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট খ. ম. আরিফুল ইসলাম (রিপন) পেয়েছেন ১৬৫ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুর রহমান ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহমুদুল হক চঞ্চল ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুন নাহার ২১৮ ভোট পেয়ে জয়লাভ করেন। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মকলেছুর রহমান পিন্টু ১৪৪ ভোটে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. এনামুল হক ২১০ ভোট পেয়ে জয়ী হন।
সিনিয়র সদস্য পদে হাফিজুর রহমান হাফিজ (৩৫১), আখতারুজ্জামান আক্তার (৩৪৭), মোছাম্মদ আয়েশা সিদ্দিকা (৩১৭) ও আশুতোষ কুমার পাল দেবাশীষ (৩১২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জুনিয়র সদস্য পদে মোহাম্মদ সাইফুল ইসলাম রানা (৩৩২), রবিউল ইসলাম (৩২০), সাইফুল ইসলাম সুমন (৩০৪) ও জাভেদ কাইসার জাসিব (২৯১) ভোট পেয়ে জয়ী হন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এ. কে. এম. আব্দুর রউফ জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। তাঁকে সহযোগিতা করেন কমিশনের সদস্য অ্যাডভোকেট মোস্তফা শামসুজ্জামান ও মোহাম্মদ আল মুজাহিদ হোসেন মিঠু।
এবারের নির্বাচনে আদালতপাড়ায় ছিল উৎসবের আমেজ। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে মুখর ছিল পুরো চত্বর। প্রার্থীরা ব্যক্তিগত প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ে চেষ্টা চালান।
নবনির্বাচিত পরিষদ আইনজীবীদের পেশাগত স্বার্থরক্ষা ও বিচারালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
১৩৩ বার পড়া হয়েছে