রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নবগঠিত মন্ত্রীসভায় যোগদানের পর প্রথমবার ঠাকুরগাঁও সফর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে নতুন সরকার কাজ করছে।
শুক্রবার হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।”
মন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলের আগমনকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
১১৭ বার পড়া হয়েছে