এইউবিতে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের আয়েশা মেমোরিয়াল হলে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
“পবিত্র মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সায়েদা আক্তার বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফাহমিদা হোসেন।
বিভাগের প্রভাষক মো. আসিফ হাসান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। স্বাগত বক্তব্যে বিভাগের লেকচারার মীর ফারজানা শারমীন রমজানের আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও সামাজিক সংহতির গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন হাফেজ মাওলানা মুফতি আব্দুস সালাম। তিনি বলেন, রমজান শুধু রোজা পালনের মাস নয়; বরং এটি আত্মসংযম, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ চর্চার এক অনন্য সময়। ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার চর্চার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।
আলোচনা পর্ব শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৪২ বার পড়া হয়েছে