সকালেই দায়িত্ব নিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারের নিয়োগাদেশ পাওয়ার পরদিনই দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংক–এর নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে পৌঁছান। এ সময় তিন ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।”
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ব্যস্ত কর্মসূচি রয়েছে নতুন গভর্নরের। দিনের প্রথম ভাগে তিনি ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর দেড়টায় তাঁর সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার সরকার সাবেক গভর্নর আহসান এইচ মনসুর–এর নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা (কস্ট ম্যানেজমেন্ট) বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী এবং পেশায় একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ী গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন। তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর।
এদিকে দায়িত্ব গ্রহণের আগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে গুলশানের বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে মতিঝিলের উদ্দেশে রওনা হন তিনি। বাসভবনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
১০৪ বার পড়া হয়েছে