শালিখায় অনুমোদনহীন মৌখিক ডেপুটেশন নিয়ে তোলপাড়, শিক্ষা কর্মকর্তাকে শোকজ
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরা জেলার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুমোদনহীন মৌখিক ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলার ৩০ জন শিক্ষককে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মৌখিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ডেপুটেশনে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব ডেপুটেশনের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করা হয়নি। বিষয়টি গোপনে সম্পন্ন করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়েছে, এই ডেপুটেশন প্রক্রিয়ায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে। যদিও এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাগুরা ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে। নোটিশে অনুমোদনহীন ডেপুটেশনের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।
১৩২ বার পড়া হয়েছে