পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা সেখানে উপস্থিত হয়ে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা এলাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। দেশের ইতিহাসে এটি অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচিত।
২০২৪ সাল থেকে দিনটি রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পরে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় দিনটি যথাযথ গুরুত্বে পালন করা হয়নি। তবে ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে ২৫ ফেব্রুয়ারি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
বাণীতে তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্যের সুযোগ নেই। তবে তার মতে, এ ঘটনার পেছনে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত জড়িত ছিল—এ বিষয়টি নাগরিকদের উপলব্ধিতে রাখা জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের সম্মান, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র সফল না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি প্রত্যয় ব্যক্ত করেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলাই হোক শহীদ সেনা দিবসের অঙ্গীকার।
১৩৩ বার পড়া হয়েছে