নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) লঙ্ঘন করে এক ব্যক্তি অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত। ঘটনাস্থলে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় আইনটির ধারা ৪(খ) অনুযায়ী অপরাধ সাব্যস্ত করে ধারা ১৫(১) অনুসারে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। পাশাপাশি পুনরায় যাতে এসব সরঞ্জাম ব্যবহার করা না যায়, সে লক্ষ্যে তাৎক্ষণিকভাবে যন্ত্রপাতি অচল করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিনিথিয়া হোসেন। তিনি জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
১৫৭ বার পড়া হয়েছে