সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবৈধ সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

তিনি বলেন, সব রোগী ১০ টাকার টিকিট কেটে চিকিৎসকের পরামর্শ নেবেন-টিকিটের অতিরিক্ত মূল্য আদায় কিংবা স্থানীয় কর্মচারীদের কোনো দৌরাত্ম্য সহ্য করা হবে না। পাশাপাশি ভবিষ্যতে কর্মচারী নিয়োগে স্থানীয় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংসদ সদস্য।

ডা. কে এম বাবর বলেন, আগামী তিন মাসের মধ্যে হাসপাতালে ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের ব্যবস্থা চালু করতে হবে। এটি তাঁর নির্বাচনী অঙ্গীকার ছিল উল্লেখ করে তিনি বলেন, “গোপালগঞ্জ-২ আসনের জনগণকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম-আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের ব্যবস্থা করবো।” তিনি আরও বলেন, এই হাসপাতালে সব ধরনের রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং জেলার কোনো রোগীকে অন্যত্র রেফার করা যাবে না।

সভায় উপস্থিত চিকিৎসকদের কাছ থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা শোনেন এমপি। তিনি বলেন, প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামোগত সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রয়োজনে সংসদেও জেলার মানুষের চিকিৎসাসেবা নিয়ে কথা বলবেন বলে জানান তিনি। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্যে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন তিনি।

চিকিৎসকেরা সভায় প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চিকিৎসক সংকটের বিষয় তুলে ধরেন। এ সময় ডা. কে এম বাবর স্বতঃস্ফূর্তভাবে মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে আসায় চিকিৎসকেরা তাঁকে ধন্যবাদ জানান। তাঁরা আশ্বাস দেন, গোপালগঞ্জের সব ধরনের রোগীর চিকিৎসাসেবা দিতে আন্তরিকভাবে কাজ করবেন। তবে এ ক্ষেত্রে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা ও হস্তক্ষেপ প্রত্যাশা করেন তাঁরা।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নেওয়াজ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ তালুকদার, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলাম মোরশেদ মোল্লা, ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, মেডিসিন বিভাগের প্রধান ডা. সুভাষ চন্দ্র ভাদুড়ি, সার্জারি বিভাগের প্রধান ডা. মাসুদুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন