রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনে অভিযোগ করা হয়, দেশের অন্যতম বৃহৎ ও স্পর্শকাতর এ প্রকল্পে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা অনুসরণ করা হয়নি। যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের পরিবর্তে প্রভাব, ঘুষ ও রাজনৈতিক বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এমনকি জাল সনদের মাধ্যমেও কিছু নিয়োগ স্থায়ী করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রকল্পটির দীর্ঘমেয়াদি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর নিয়োগ কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিটে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এ রিট আবেদন করা হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, গঠিত কমিটিকে অভিযোগসমূহ যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
২০৪ বার পড়া হয়েছে