গোপালগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রধান শিক্ষকরা কথিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত করেছেন।
উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান শিক্ষকরা হাতে হাত রেখে শিক্ষকদের প্রতি হয়রানির অভিযোগ তুলে শ্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জেসরিনা খানম, আফরোজা খানম, মোহাম্মদ রুহুল আমীন, দেবাশীষ রায়, অশোক অধিকারী ও অনিক হালদার লেলিন। জেসরিনা খানম বলেন, “কথিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের নানা ভাবে হয়রানি করছেন। আমরা চাই প্রশাসন যেন এ বিষয়ে হস্তক্ষেপ করে।”
অশোক অধিকারী আরও বলেন, “যদি প্রশাসন এই কথিত সাংবাদিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেন, তাহলে আমরা উপজেলার ১৩০ শিক্ষকের সঙ্গে মাঠে নেমে কঠোর আন্দোলনের ডাক দেব।”
এ ব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েলের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোনটি ধরেননি।
১০৬ বার পড়া হয়েছে