গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য সংঘর্ষে ১ নিহত, আহত ১৪
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিলু মুন্সী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কমলাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহত নিলু মুন্সী ওই এলাকার কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে আধিপত্যের কারণে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত নিলু মুন্সী, তার স্ত্রী রুপা বেগম (৪০), তার ভাই মিলন মুন্সী (৫২) এবং দুলাল মুন্সী (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কর্তব্যরত চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন। অপর পক্ষের নূর ইসলামকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ঘটনার স্থানে পুলিশের পাশাপাশি সেনা ও র্যাবের সদস্যরাও অবস্থান করছেন।
১০৪ বার পড়া হয়েছে