রংপুরে আইন-শৃঙ্খলা ও সার্বিক সেবার জন্য জরুরি বৈঠক
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রংপুর নগরীর উত্তম এলাকায় সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের পরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন, পবিত্র রমজান মাসে রংপুর বিভাগের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “সভায় সরকারের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। মাদকের বিস্তার রোধেও গুরুত্বসহকারে আলোচনা করা হয়েছে। রমজান থেকে শুরু করে পবিত্র ঈদ পর্যন্ত যানজট নিরসন নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয়।”
তিনি আরও জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামত গ্রহণ করা হয়েছে। তারা জানিয়েছে যে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীর ঘাটতি রয়েছে, যা পূরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি রংপুর বিভাগে যে কিছু প্রকল্প অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, “প্রশাসনের কাছে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আজকের এই সভা প্রথম, এরপর ফলোআপ মিটিংও অনুষ্ঠিত হবে।”
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকারের আন্তরিকতার বিষয়েও আলোকপাত করেন। তিনি বলেন, “আমার জন্ম তিস্তা পাড়ে, শৈশব ও কৈশোর এখানে কেটেছে। এজন্যই তিস্তা রক্ষা আন্দোলনে অংশগ্রহণ করেছি। তিস্তা নদীকে ঘিরে দুই কোটি মানুষের আশা পূরণ করতে পানি সম্পদ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আশা করি, তিস্তা নদী সংক্রান্ত মানুষের বাঁচা-মরার লড়াই বিএনপি বাস্তবায়ন করবে।”
এক সাংবাদিকের রংপুরে সংসদ নির্বাচনে ভোট কারচুপির সাথে প্রশাসনের কর্মকর্তাদের জড়িত থাকার প্রসঙ্গে ১৬০ দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের কাছে সরকারের যে নির্দেশনা আসবে, তা অবশ্যই পালন করতে হবে। এটি তাদের নৈতিক ও আইনগত কর্তব্য।”
সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
১০৪ বার পড়া হয়েছে