মুন্সীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সভাপতিত্ব করেন। এছাড়াও জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হালিম মোল্লা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, যুগ্ম পরিচালক এনএসআই, জুলাই যোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের মতো ভাষা শহিদদের আত্মত্যাগ বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছে। এটি পরবর্তীতে স্বাধীনতার পথকে প্রশস্ত করে এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের পথ প্রদর্শন করেছে। বক্তারা আরও উল্লেখ করেন, এই চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১১৭ বার পড়া হয়েছে