মাগুরায় 'ঈদ আড্ডা কর্নার' আয়োজন: সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্য
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলার বরালি দাহ গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিন্নধরনের এক সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাধারণত ঈদগাহে নামাজের পর গ্রামের মানুষ কোলাকুলি সেরে নিজ নিজ বাড়িতে ফিরে যান, যার কারণে গ্রামীণ এলাকায় পারস্পরিক আড্ডা ও মতবিনিময়ের সুযোগ সীমিত থাকে। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় যুবক ও সচেতন মহল “ঈদ আড্ডা কর্নার” আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
আয়োজনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন বিকেল থেকে শুরু হওয়া এই মিলনমেলা পরবর্তী দিন রাত ৮টা পর্যন্ত চলবে। মূল লক্ষ্য হলো—গ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আড্ডা, মতবিনিময় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা।
স্থানীয় যুবক রাজু আহমেদ জানান, এ উদ্যোগের বাস্তবায়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য আলভি, সামিউল, আহাদ, সিফাত, মাহবুব, আল আমিন ও মেহেরাবকে নিয়ে একটি বাস্তবায়নকারী কমিটি গঠন করা হয়েছে। রাফি, বায়জীদ, রবিন, হাসিব, তাজুল, শাওন, আবদুল্লাহ ও মহিমকে নিয়ে সহায়তাকারী কমিটি, এবং নবাব, রিত্তিক ও নিলয়কে ইলেকট্রিশিয়ান সহায়তা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সানজীদ, দ্বীপ, সিয়াম ও রিয়াজুলকে নিয়ে একটি পরামর্শক টিমও গঠন করা হয়েছে।
আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, এই “ঈদ আড্ডা কর্নার” আয়োজন গ্রামের সামাজিক সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল গ্রামবাসী ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য আহ্বান জানিয়েছেন।
১২৫ বার পড়া হয়েছে