জামালপুরে কলেজছাত্রী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে এক কলেজছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় আপেল মিয়া (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আপেল মিয়া জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল গ্রামের আরজু মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ মার্চ জামালপুর পৌর শহরের জাহেদা শফির মহিলা কলেজ-এ যাওয়ার পথে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানা-এ মামলা দায়ের করেন।
মামলার শুনানিকালে আদালত মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট ফজলুল হক। আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম জুলহাস, মো. নজরুল ইসলাম, তারেক হাসান, হাবিবা সুলতানা ও জাহিদুল ইসলাম।
রায়ে আপেল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাভোগের নির্দেশ দেন আদালত।
১৬৬ বার পড়া হয়েছে