রমজানে গোপালগঞ্জে টিসিবি'র ট্রাক সেল শুরু, দীর্ঘ লাইনে ভোগান্তি
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের মতো গোপালগঞ্জেও ভর্তুকিমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাক সেল কার্যক্রমের দ্বিতীয় দিনে জেলা শহরে ব্যাপক ক্রেতা সমাগম লক্ষ্য করা যায়।
গোপালগঞ্জ সিও অফিসের সামনে এবং মোহাম্মদপাড়া জামে মসজিদের পাশে ডিলারের ট্রাক থেকে পণ্য বিক্রি করা হয়। সরকারি নির্ধারিত দামে পণ্য সংগ্রহ করতে সকাল থেকেই শত শত মানুষ লাইনে দাঁড়ান। তবে প্রতিদিন মাত্র ৪০০ জনের জন্য বরাদ্দ থাকায় অনেকে পণ্য না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।
রমজান উপলক্ষে টিসিবির নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। ট্রাক সেলের পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য বিতরণ করা হবে।
ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১৫ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও ছোলা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। খেজুরের দাম রাখা হয়েছে প্রতি কেজি ১৬০ টাকা, অর্থাৎ ৫০০ গ্রাম ৮০ টাকায় পাওয়া যাবে। একজন ক্রেতা একবারে সর্বোচ্চ ৫৯০ টাকায় পাঁচ ধরনের পণ্য সংগ্রহ করতে পারবেন।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা আলী আকবর খান জানান, সরকার নির্ধারিত ২০ দিন ট্রাক সেল কার্যক্রম চলবে এবং আগামী ১২ মার্চ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, সদর উপজেলার আওতাভুক্ত পৌরসভায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ট্রাক সেল সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে কয়েকটি ইউনিয়নে অনিচ্ছা সত্ত্বেও এ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।
১২৪ বার পড়া হয়েছে