টিসিবি'র পণ্য বিক্রিতে বিশৃঙ্খলা, রংপুরে ধাক্কাধাক্কিতে আহত ২
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
রমজানের প্রথম দিনে ন্যায্যমূল্যের পণ্য কিনতে গিয়ে রংপুরে ট্রাক সেলে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির মধ্যে পড়ে দুই নারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রংপুর প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান উপলক্ষে ৫৯০ টাকার প্যাকেজে ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি ছোলা ও আধা কেজি খেজুর বিক্রির কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর, দুপুর সোয়া ১২টার দিকে পণ্যবোঝাই ট্রাক প্রেসক্লাব চত্বরে পৌঁছালে অপেক্ষমাণ শত শত নারী-পুরুষ ট্রাকের সামনে অবস্থান নিতে গিয়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় আহত হন মমতাজ বেগম ও আনোয়ারা বেগম নামে দুই নির্মাণশ্রমিক। তারা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে ভিড়ের চাপে আহত হন।
পণ্য কিনতে আসা নগরবাসীর অভিযোগ, প্রায় ৪০০ জনের জন্য পণ্য বিক্রির কথা থাকলেও ট্রাকে মাত্র ৩০০ জনের পণ্য আনা হয়েছে। ডিলারের ম্যানেজার আফজাল প্রথমে ৪০০ প্যাকেজ আনার দাবি করলেও পরে স্বীকার করেন, কিছুটা কম পণ্য এসেছে।
অভিযোগ রয়েছে, ট্রাক সেলে বিক্রয় তদারকির জন্য সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তার উপস্থিত থাকার কথা থাকলেও তাকে ঘটনাস্থলে দেখা যায়নি। লাইনে দাঁড়ানো কয়েকজন নারী অভিযোগ করেন, এক কর্মকর্তাকে দুটি প্যাকেজ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা গেছে। তাদের দাবি, ওই পণ্য ঘুষ হিসেবে দেওয়া হয়েছে।
নগরীর গুপ্তপাড়া মহল্লা থেকে আসা আসলাম মিয়া বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা পণ্য পাননি, অথচ লাইনে না দাঁড়ানো কয়েকজনকে আগে পণ্য দেওয়া হয়েছে। একই অভিযোগ করেন নিউ সেনপাড়া এলাকার মারুফা বেগম। তিনি জানান, সকাল ৯টা থেকে অপেক্ষা করেও দুপুর ১টা পর্যন্ত পণ্য পাওয়ার নিশ্চয়তা পাননি। তার ভাষায়, “আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু ট্রাকের সামনে গিয়ে অনেকেই পণ্য নিয়ে যাচ্ছে। এ ধরনের স্বজনপ্রীতি বন্ধ হওয়া উচিত।”
এ বিষয়ে টিসিবির ডিলারের ম্যানেজার মোস্তাক হোসেন দাবি করেন, নগরীর ১৪টি স্থানে একযোগে পণ্য বিক্রি করা হচ্ছে এবং কোনো অনিয়ম হয়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
১২২ বার পড়া হয়েছে