মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অল্প জরিমানায় ক্ষোভ ক্রেতাদের
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
রমজানের প্রথম দিনেই মোংলা পৌর শহরের প্রধান বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তবে কয়েক শ’ দোকানের মধ্যে মাত্র পাঁচটি দোকানে ছয় হাজার টাকা জরিমানা করায় অভিযান ঘিরে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত অভিযানে কলার আড়ৎসহ পাঁচ দোকানিকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে বাজারের বিপুল সংখ্যক দোকানের তুলনায় অল্প কয়েকটিতে অভিযান চালানোকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেছেন অনেক ক্রেতা। তাঁদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো নয়।
পৌর শহরের বাসিন্দা কবির হোসেন বলেন, “কয়েক শ’ দোকানের মধ্যে মাত্র পাঁচ-ছয়টি দোকানে অভিযান চালিয়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে বাজারে কোনো প্রভাব পড়বে না।” আরেক ক্রেতা সাইফুল ইসলাম অভিযোগ করেন, জরিমানার অর্থ পরে বিভিন্ন কৌশলে ক্রেতাদের কাছ থেকেই আদায় করে নেওয়া হয়।
চাকরিজীবী খুশি আক্তার বলেন, এক-দুইটি নয়, বাজারের বিভিন্ন পণ্যের দোকানে নিয়মিত ও কঠোর অভিযান প্রয়োজন। জরিমানার পরিমাণও এমন হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির সাহস না পায়।
স্থানীয় বাসিন্দা মুহাম্মাদ আল মামুন জানান, মোংলার প্রধান বাজারে কাঁচাবাজার, মাছ-মাংস, মুরগি, মুদি ও ফলের কয়েক শ’ দোকান রয়েছে। অধিকাংশ দোকানেই নেই মূল্যতালিকা। তাঁর দাবি, রমজানকে কেন্দ্র করে প্রায় সব পণ্যের দামই বেড়েছে দ্বিগুণের কাছাকাছি।
ক্রেতাদের ভাষ্য অনুযায়ী, রোজার আগে বেগুনের কেজি ছিল ৩০ টাকা, যা এখন ৬০ টাকা। শসা ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা। ৭০০ টাকা কেজির খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়। ফল, সবজি, মাছ ও মুদি পণ্যের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
কিছু ক্রেতা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী সমিতির মধ্যে বিশেষ সখ্যতার কারণে নিয়মিত ও কঠোর তদারকি হয় না। যদিও প্রশাসন এ অভিযোগ অস্বীকার করেছে।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, “শহরে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করে পাঁচ দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।” কোন ধারায় কত টাকা জরিমানার বিধান রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ভোক্তা অধিকার আইন দেখলেই জানা যাবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান, জেলা প্রশাসকের তথ্য ও নির্দেশনার ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। কারও সঙ্গে প্রশাসনের বিশেষ সখ্যতার অভিযোগ সঠিক নয় বলেও তিনি দাবি করেন।
এদিকে রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন ক্রেতারা।
১৪৯ বার পড়া হয়েছে