ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ফেরার পথে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ট্রলারসহ পাঁচ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে।
ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতের দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদীয়া এলাকার নাফ নদীর অংশে।
শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর মালিকানাধীন ট্রলারে মাছ শিকারের পর ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।
অপহৃতদের মধ্যে রয়েছেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন। প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমানের বরাত দিয়ে বলা হয়েছে, রাতে মোট পাঁচটি ট্রলার একসঙ্গে ফিরছিল। হঠাৎ একটি স্পিডবোট এসে তাদের মধ্যে একটি নৌকাকে ঘিরে ফেলে এবং জেলেদের মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত নিরাপদে ফিরে আসে।
আতাউর রহমান আরও জানান, নাফ নদীর কাছাকাছি স্থানগুলোতে মাঝেমধ্যে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় জেলেদের ধরে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শাহপরীর দ্বীপ এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির মাধ্যমে ৬৭ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গা জেলেকে দীর্ঘদিন পর ফেরত দিয়েছে আরাকান আর্মি। বিজিবি সূত্র জানিয়েছে, গত এক বছরে সাড়ে চার শতাধিক জেলেকে নাফ নদীর সীমানা থেকে অপহরণ করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। এর মধ্যে ২৮০ জন ফেরত পেয়েছে, কিন্তু বাকি জেলেগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি, যা তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
১২৪ বার পড়া হয়েছে