রমজানে স্বস্তি আনতে বান্দরবানে টিসিবি'র পণ্য বিক্রি শুরু
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবানে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রমজানের শুরুতেই কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন জেলার নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন শামীম আরা রিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং লামা ও আলীকদম উপজেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। বাজারদরের তুলনায় কম মূল্যে এসব পণ্য পাওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে। সকাল থেকেই টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে দেখা যায় ক্রেতাদের।
ক্রেতাদের ভাষ্য, রমজানকে কেন্দ্র করে বাজারে কিছু পণ্যের দাম বাড়লেও টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পণ্য পাওয়ায় সংসারের ব্যয় কিছুটা কমছে। বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলোর জন্য এ উদ্যোগ কার্যকর সহায়তা হিসেবে দেখা দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বান্দরবান সদর, লামা ও আলীকদম উপজেলায় নিয়মিতভাবে পণ্য সরবরাহ অব্যাহত থাকবে বলে তিনি জানান। তাঁর মতে, এ কার্যক্রমের ফলে একদিকে যেমন সাধারণ মানুষের ব্যয় কমবে, অন্যদিকে বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।
১২৬ বার পড়া হয়েছে