গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হামলার অভিযোগে মানববন্ধন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিথ্যা মামলা, হামলা ও দীর্ঘদিনের হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামের বাসিন্দারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মোল্লাহাট ফেরিঘাট সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য শিব্বির মোল্যা, ৬নং ওয়ার্ড সদস্য মো. মন্টু শেখ, ভুক্তভোগী মো. রামজান মোল্যা, মো. আবু দাউদ খান, মাহাতাব সরদার, মিসকাত মোল্যা, রশিদা বেগম, আলমগীর মোল্যা ও বাবুল মোল্যা।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ১২ বছর আগে অভিযুক্ত লাবনী বেগমের মা-বাবাকে মানবিক কারণে নিজেদের জমিতে বসবাসের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে তাদের মৃত্যুর পর লাবনী বেগম স্বামী-সন্তান নিয়ে সেখানে বসবাস শুরু করেন। জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলে তিনি তা অস্বীকার করেন এবং উল্টো একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন বলে দাবি করেন বক্তারা।
মো. আবু দাউদ খান বলেন, 'নিজেদের জমি উদ্ধার করতে পারছি না। বরং একের পর এক মিথ্যা মামলায় আমাদের জড়ানো হচ্ছে।' একই অভিযোগ করেন মো. রামজান মোল্যা। তিনি বলেন, 'এখানে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে। মামলা দিয়ে পরে টাকার বিনিময়ে তা তুলে নেওয়া হয়। আমরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছি।'
মিসকাত মোল্যার দাবি, তুচ্ছ ঘটনায়ও গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তের স্বামী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
৪নং ওয়ার্ড সদস্য শিব্বির মোল্যা বলেন, 'গ্রামবাসী আমাদের কাছে অভিযোগ করলে আমরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করি। কিন্তু একই ঘটনা বারবার ঘটছে। অন্তত ৬০টি পরিবার এভাবে হয়রানির শিকার।'
গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বলেন, 'মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।'
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অবিলম্বে প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
১১৭ বার পড়া হয়েছে