মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরা শহরের ইটখোলা বাজারে অবস্থিত ‘রাকিব হোটেল’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশ-এর একটি টিম।
তদারকিকালে দেখা যায়, খাবার প্রস্তুতে মানবদেহের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ রং ব্যবহার করা হচ্ছে। একই ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে কাঁচা মাছ ও মাংস, যা থেকে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রান্নাঘরের মেঝে ছিল অপরিচ্ছন্ন এবং খোলা খাবারের ওপর মাছির ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া ব্যবহৃত টয়লেটে সাবান বা হ্যান্ডওয়াশের ব্যবস্থা ছিল না। অভিযোগ রয়েছে, কর্মচারীরা টয়লেট ব্যবহারের পর যথাযথভাবে হাত না ধুয়েই রান্নার কাজে যুক্ত হচ্ছিলেন।
এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় হোটেলের মালিক আব্দুর রাজ্জাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী ও ভোক্তা-উভয়ের সচেতনতা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
১২৮ বার পড়া হয়েছে