মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ এলাকার মিলিটারি চকের কাঁশবন থেকে ২০ দিন পর এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাইকৃত অটোরিকশার খণ্ডিত অংশও উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম) সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, নিহত অটোচালকের নাম সাকিল (২৪)। গ্রেপ্তারকৃতরা হলেন রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান ওরফে আফসু (২৫) এবং মো. ইউসুফ গাজী (৬০)।
পুলিশ জানায়, হত্যার মূল পরিকল্পনাকারী শরীফ। জুয়া খেলার কারণে তার ঋণ পরিশোধের জন্য তিনি রাজন ও ইমরানকে নিয়ে অটোচালক সাকিলকে টার্গেট করেন। ২৭ জানুয়ারি তারা সাকিলকে ভাড়া নিয়ে নির্জন চরে নিয়ে যান এবং গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করেন। পরে মরদেহ কাঁশবনে ফেলে পালিয়ে যান।
ঘটনার পর অটোরিকশা খণ্ডিত করে ২০ হাজার টাকায় ইউসুফ গাজীর কাছে বিক্রি করা হয়। নিহতের মোবাইল ফোনও ২ হাজার টাকায় বিক্রি করা হয়। ১৫ ফেব্রুয়ারি স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উদ্ধার কাজ সম্পন্ন হয়।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা নিশ্চিত করেছে। এছাড়া তথ্যপ্রযুক্তি এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
ঘটনার খবরে স্থানীয়রা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির, মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন (পিপিএম), মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১০৫ বার পড়া হয়েছে