জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ, নিরাপত্তা জোরদার
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের গণ-অভ্যুত্থানের দেড় বছর পর নতুন সরকার গঠনের পথে এগোচ্ছে দেশ। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে সংসদ ভবনকে সাজানো ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংসদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। শপথগ্রহণ কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করাবেন। এরপর নবম তলায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হবেন। সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে আস্থা লাভের বিষয়টি জানালে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন।
মঙ্গলবার বিকেল ৪টায় দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথবাক্য গ্রহণ করবেন বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ সোমবার থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও শপথ কক্ষসহ ভবনের অভ্যন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানোর কাজ চলছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং সকল প্রধান প্রবেশ গেট বন্ধ রাখা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সময় জাতীয় সংসদ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামতির কাজ শেষ হয়ে গেলে শপথ অনুষ্ঠান আয়োজন শুরু হয়।
তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে অবস্থান করছে।
১২১ বার পড়া হয়েছে