জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট জারি করা হয়।
গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেট প্রকাশের মাধ্যমে তাঁদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ উন্মুক্ত হলো।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার শপথ অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার বা তাঁর মনোনীত ব্যক্তির। নির্ধারিত তিন দিনের মধ্যে তা সম্ভব না হলে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসি শপথ পড়াতে পারেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট আপাতত প্রকাশ করা হয়নি।
ঘোষিত ফলাফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে বিজয়ী হয়েছে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির মিত্ররা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে আরও ৯টি আসন।
১২০ বার পড়া হয়েছে