পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের জয়
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদের ১১৪ নম্বর পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৩৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৫৩ হাজার ৫৫৯।
বিজয়ের পর আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
এদিকে নির্বাচনের দিন দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পটুয়াখালী-৪ আসনের ১১১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন। নির্বাচনে বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং জামায়াত সমর্থিত জোটের ড. জহির উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ের খবরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান। কলাপাড়া প্রেসক্লাব ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে নবনির্বাচিত এ প্রার্থীকে।
১৫০ বার পড়া হয়েছে