হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা-৫ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।
অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৭০২।
বিজয়ী প্রার্থী আলি আসগার নবী খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। দীর্ঘদিন তিনি সক্রিয় রাজনীতিতে না থাকায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা ছিল। খুলনা-২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত কাকতালীয়ভাবে খুলনা-৫ আসন থেকে মনোনয়ন পান তিনি এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।
অন্যদিকে মিয়া গোলাম পরওয়ার এই আসনে দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতা নারায়ণ চন্দ্র চন্দ্রকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
খুলনা-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। ১৫০টি কেন্দ্র নিয়ে গঠিত এই আসনটির অন্তর্ভুক্ত রয়েছে ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা।
১৪৬ বার পড়া হয়েছে