বান্দরবানে শান্তিপূর্ণ পরিবেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
৩০০ নং বান্দরবান সংসদীয় আসনে এবার চার প্রার্থী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন সাচিংপ্রু জেরী, লাঙ্গল প্রতীকে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ, শাপলা কলি প্রতীকে আবু সাঈদ মো. সূজা উদ্দীন এবং হাতপাখা প্রতীকে মো. আবুল কালাম আজাদ।
সকাল থেকে বান্দরবান সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়, শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান সরকারি কলেজ, সুয়ালক ও রেইছাসহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করা হয়। শুরুর দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি বৃদ্ধি পায়। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩০০ নং বান্দরবান আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৪ হাজার ৬৮১ জন।
জেলায় মোট ১৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটকক্ষের সংখ্যা ৭২৯টি। বিশেষ ব্যবস্থাপনার আওতায় ১১টি কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে। এগুলো হলো রোয়াংছড়ি (১টি), রুমা (২টি), থানচি (৭টি) এবং আলীকদম (১টি)।
নিরাপত্তা জোরদার রাখতে সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবি’র ১০০ জন, র্যাবের ৫০ জন এবং পুলিশের ১৩০০ জন সদস্য মোতায়েন রয়েছেন বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ।
১৪৮ বার পড়া হয়েছে