ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা-২০ (ধামরাই) আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
সকালের শুরু থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে দিনের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে। এ সময় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
বিএনপির প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন ধামরাই পৌর শহরের ২ নম্বর আইঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। অন্যদিকে, ১১ দলীয় জোটের মনোনীত এনপিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ধামরাই আসনের ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি।
ধামরাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনকে ঘিরে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৩ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন সেনাবাহিনী, পুলিশের ১৫টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ২টি স্ট্রাইকিং ফোর্স এবং ১ হাজার ৯১১ জন আনসার সদস্য।
তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৩টি কেন্দ্রে দুইজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
১৩৪ বার পড়া হয়েছে