শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেরপুর জেলার দুটি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ চলছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে। ভোট শুরুর দিকে কেন্দ্রগুলোতে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে।
শেরপুর-১ (সদর) আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৪৫টি ভোটকেন্দ্রের ৮৫৬টি ভোটকক্ষে ৪ লাখ ৪৭ হাজার ৭৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ আসনে ৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি ও জামায়াতসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ১৫৪টি ভোটকেন্দ্রের ৮২০টি ভোটকক্ষে ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন ভোটার ভোট দিচ্ছেন। এ আসনে ৬৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুই আসনে মোট নতুন ভোটারের সংখ্যা ৫৫ হাজার ১৬৩ জন।
তবে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। জামায়াতের প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনে নির্বাচন আপাতত বন্ধ রাখা হয়েছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুজন করে অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া প্রায় ৫ হাজার ৫০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করছেন। মাঠে রয়েছেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি মোবাইল টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
১৩৮ বার পড়া হয়েছে