সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশসারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু: গণতান্ত্রিক উত্তরণের সন্ধিক্ষণে দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেড় বছর আগে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে সংবিধানের মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে দেশব্যাপী গণভোটও গ্রহণ করা হচ্ছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসীর উদ্দিন আশা প্রকাশ করেছেন, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।

ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৯ লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। ভোট উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ এলাকায় গেছেন।

একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হচ্ছে।

নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতা করছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে; ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না।

১৯৯১ সালের পর এই প্রথম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। ফলে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে। বিশ্লেষকেরা মনে করছেন, তরুণ ও নারী ভোটারদের ভূমিকা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি; এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার ৫ কোটির বেশি।

আজকের ভোটে সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধান সংশোধনের ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান-সংক্রান্ত বিষয়গুলো গণভোটে তোলা হয়েছে।

সংস্কার প্রস্তাবগুলোতে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, রাষ্ট্রপতির ভূমিকা কিছু ক্ষেত্রে বৃদ্ধি, সাংবিধানিক পদে নিয়োগে বহুদলীয় কমিটি গঠন এবং সংসদ সদস্যদের ভোটদানে স্বাধীনতা বাড়ানোর মতো বিষয় রয়েছে। ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠ হলে নতুন সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে প্রয়োজনীয় সংশোধন কার্যকর করবে।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়েও ব্যাপক সমালোচনা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার পরিবর্তন ঘটে এবং ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

অন্তর্বর্তী সরকারের ঘোষিত তিনটি অগ্রাধিকার ছিল—সংস্কার, বিচার ও নির্বাচন। বিভিন্ন খাতে সংস্কার কমিশন গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তাব চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ ও তাদের জোটভুক্ত কয়েকটি দল নির্বাচনে না থাকায় ভোটার উপস্থিতি ও গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা রয়েছে। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারা নাগরিকদের অংশগ্রহণে উপস্থিতি কমবে না।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ। এখন পর্যন্ত পরিবেশ ইতিবাচক থাকলেও শেষ পর্যন্ত দায়িত্বশীল আচরণই নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে।

দেশ-বিদেশের পর্যবেক্ষকের নজর এখন এই নির্বাচনের দিকে। সংশ্লিষ্ট মহলের মতে, আজকের ভোট কতটা অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়—তার ওপরই নির্ভর করবে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথের পরবর্তী অধ্যায়।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন