টাঙ্গাইলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য নিরাপত্তা জোরদার
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, মোট ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ হাজার ৮৯৬ জন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে সেনাবাহিনী ২ হাজার জন, বিজিবি ৩৮০ জন, র্যাব ৮০ জন, পুলিশ ২ হাজার ৪২৫ জন, ব্যাটালিয়ন আনসার ১৯২ জন এবং আনসার সদস্য ১৩ হাজার ৮১৯ জন। ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে ৬৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও যৌথ বাহিনীর টহলে থাকবেন।
ভোট কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা জুড়ে ২ হাজার ৩৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি বুথ ও ভোটকেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
জেলার মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন, নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন। জেলার ৮ আসনে মোট ৬ হাজার ৩৪১টি বুথ রয়েছে। এর মধ্যে ১৬০টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৯০৩টি কেন্দ্রকে ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “সব কেন্দ্রই সম্পূর্ণ প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সংখ্যায় মোতায়েন থাকবে। আশা করছি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বলেন, “এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি উপজেলায় যৌথবাহিনী টহল চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো বিশেষ নজরদারিতে রাখা হবে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।”
১০৭ বার পড়া হয়েছে