জব্দকৃত ৭৪ লাখ টাকা ছিল ব্যবসায়ের, দাবি আটক নেতার
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে।
তার কাছে থাকা ব্যাগ তল্লাশির সময় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক হিসেবে ৫০ লাখ টাকার বেশি হিসাব করা হলেও পরে নিশ্চিতভাবে জানা যায়, তার কাছে ৭৪ লাখ টাকা ছিল।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে। আটককালে তার অসুস্থতা দেখা দিলে তাকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিমানবন্দর ম্যানেজার জাকারিয়ার বরাত দিয়ে জানা যায়, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস-বাংলার একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তার ব্যাগ তল্লাশি করে। ওই সময় তার কাছ থেকে নগদ ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। বেলাল উদ্দিন নিজেও স্বীকার করেছেন যে, ব্যাগে এই পরিমাণ টাকা রয়েছে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও সেনাবাহিনী প্রহরায় যুক্ত ছিলেন। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, “জিজ্ঞাসাবাদের সময়ে অসুস্থতা দেখা দেয়ার কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা এবং পেশায় স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক। তিনি আটক হওয়ার পর একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, তার কাছে থাকা নগদ অর্থ নির্বাচনে খরচ করার জন্য নয়, এটি তার ব্যবসার অর্থ। তিনি বলেন, “জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে একটি চক্র কাজ করছে। আমি কোন ধরনের মানুষ তা প্রমাণ করতে ঠাকুরগাঁও গেলে খোলাসা হয়ে যাবে।”
বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল নগদ অর্থ পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন নিজেকে সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন, তার লাগেজে থাকা নগদ ৫০ লাখ টাকার বেশি অর্থ তার গার্মেন্টস ব্যবসার।
ঘটনার পর সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, উদ্ধার টাকার সঠিক পরিমাণ গণনা করা হচ্ছে এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে অর্থের উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, “বেলাল প্রধানের আটক একটি গভীর ষড়যন্ত্র। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”
১১৯ বার পড়া হয়েছে