বান্দরবানে নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি যৌথভাবে মহড়া পরিচালনা করেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেনা সদর জোনের প্রশিক্ষণ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই মহড়ায় তিন বাহিনীর সদস্যরা অংশ নেন।
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ স্থাপনা, ভোটকেন্দ্র ও নির্বাচন সংশ্লিষ্ট অবকাঠামোতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহযোগিতা ও রাষ্ট্রীয় ও জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, “কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”
জোন কমান্ডার আরও বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবির ১০০ জন ও র্যাবের ৫০ জন সদস্যসহ মোট ৬০০ জন যৌথবাহিনী দায়িত্ব পালন করবেন। মহড়া শেষে তারা জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক টহল ও প্রদর্শনী মহড়া পরিচালনা করেছে।
২৫১ বার পড়া হয়েছে