রাজবাড়ীতে ৩৫৬ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনের ৩৫৬টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে দেন।
একই সময়ে পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার ভোটকেন্দ্রগুলোতেও সংশ্লিষ্ট উপজেলা কার্যালয় থেকে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে মোট ৪ হাজার ৬০২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে তিনজন অস্ত্রধারী এবং বাকিরা লাঠিসজ্জিত থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন সেকশন কমান্ডার ও একজন সহকারী সেকশন কমান্ডার থাকবেন। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য আলাদাভাবে একজন অস্ত্রধারী আনসার সদস্যও নিয়োজিত থাকবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুইটি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন। জেলার ৩৫৬টি কেন্দ্রের মধ্যে ২৪৭টিকে গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে থাকবেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বিজিবির ১২৫ সদস্য, ব্যাটালিয়ন আনসারের ৯০ জন, র্যাবের ৩০ জন, পুলিশের ১ হাজার ৪৩ জন এবং সেনাবাহিনীর ৫৮৯ সদস্য।
উপজেলা ভিত্তিক হিসেবে রাজবাড়ী সদরে রয়েছে ১১৫টি ভোটকেন্দ্র। অন্যান্য উপজেলাগুলোতেও সমন্বিতভাবে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনী সরঞ্জাম যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটাররা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
১২১ বার পড়া হয়েছে