ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাভার শিল্পাঞ্চলের সব পোশাক কারখানায় আজ থেকে ছুটি শুরু হয়েছে।
টানা চার দিনের এই ছুটিতে নিজ নিজ এলাকায় ভোট দিতে শিল্পাঞ্চল ছাড়তে শুরু করেছেন হাজার হাজার শ্রমিক। ফলে সড়ক ও পরিবহন কাউন্টারগুলোতে দেখা দিয়েছে অতিরিক্ত যাত্রীর চাপ, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সাভার শিল্পাঞ্চলে ছোট-বড় মিলিয়ে ১ হাজার ৬৫২টি কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৭ লাখ ৭৩ হাজার ৮৯২ জন শ্রমিক কর্মরত। এদের অধিকাংশই বিভিন্ন জেলার ভোটার হওয়ায় ছুটি শুরু হতেই বাড়ির পথে যাত্রা শুরু করেন তারা।
অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা যানজট দেখা যায়। দীর্ঘ সময় যানজটে আটকে থাকলেও ভোট দিতে বাড়ি ফিরতে পারায় শ্রমিকদের মধ্যে ছিল উচ্ছ্বাস।
এদিকে, বাড়তি যাত্রীর সুযোগ নিয়ে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। এর প্রতিবাদে আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান জানান, ভোটারদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
১২২ বার পড়া হয়েছে