লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে দুই কর্মীর মৃত্যু, নেতাকর্মীদের মাঝে শোক
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে পৃথক দুটি নির্বাচনী গণমিছিলে অংশ নিতে গিয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সহিদ এবং বিএনপি কর্মী ওবায়দুল হক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুজনেরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
মৃত আব্দুস সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা। অপরদিকে, নিহত ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যোগ দিতে আসার পথে সহিদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সন্ধ্যার পর রাত সাড়ে ৭টার দিকে একই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া বিএনপি কর্মী ওবায়দুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএমও ডা. অরুপ পাল বলেন, পৃথক সময়ে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
দুই কর্মীর আকস্মিক মৃত্যুর ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
১২৪ বার পড়া হয়েছে