নির্বাচনী দৌড়ে কে এগিয়ে? তিন জরিপের হিসাব ভিন্ন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এক দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনকে ঘিরে প্রকাশিত তিনটি পৃথক জনমত জরিপে ভোটের হার ও আসনভিত্তিক ফলাফল নিয়ে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র। কোথাও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, আবার কোথাও বড় ব্যবধানে বিএনপি জোটের এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি), এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এবং ন্যাশনালিস্ট রিসার্চ সেল—এই তিন প্রতিষ্ঠানের জরিপ প্রতিবেদন প্রকাশিত হয়। তিন জরিপেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি ও জামায়াত জোটের নাম উঠে এসেছে।
আইআইএলডির জরিপ: ভোটে এগিয়ে বিএনপি, আসনে জামায়াত
আইআইএলডির প্রাক-নির্বাচনী জরিপে দেখা গেছে, মোট ভোটের হারে বিএনপি নেতৃত্বাধীন জোট সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে। জরিপ অনুযায়ী, বিএনপি জোটের প্রতি সমর্থন ৪৪ দশমিক ১ শতাংশ এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থন ৪৩ দশমিক ৯ শতাংশ। ব্যবধান মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।
তবে আসনভিত্তিক বিশ্লেষণে ভিন্ন চিত্র উঠে এসেছে। জরিপে বলা হয়েছে, জামায়াত জোট এগিয়ে থাকতে পারে ১০৫টি আসনে, আর বিএনপি জোট এগিয়ে রয়েছে ১০১টি আসনে। এ ছাড়া ৭৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেতে পারেন ১৯টি আসনে।
৩০০ আসনের ৬৩ হাজার ১১৫ জন ভোটারের মতামতের ভিত্তিতে এ জরিপ পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের ৯২ শতাংশ ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম জানান, ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ দিন ধরে জরিপটি চালানো হয়।
ইএএসডির জরিপ: ২০৮ আসনে বিএনপি জোটের জয়
আইআইএলডির জরিপের বিপরীতে ইএএসডি বড় ব্যবধানে বিএনপি জোটের জয় দেখছে। সংস্থাটির জরিপ অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয় পেতে পারে। জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন। আরও ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।
সাড়ে ৪১ হাজার ভোটারের মতামতের ভিত্তিতে পরিচালিত এ জরিপকে এবারের সবচেয়ে বড় নমুনার জরিপ বলে দাবি করেছে ইএএসডি। জরিপে দেখা গেছে, ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী, যেখানে জামায়াতে ইসলামী পেয়েছে ১১ দশমিক ৯ শতাংশ সমর্থন। নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা আরও বেশি—৭১ দশমিক ১ শতাংশ।
ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার বলেন, আগে আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটারদের একটি বড় অংশ এবার পরিবর্তনের পক্ষে। তাদের মধ্যে ৮০ শতাংশ বিএনপি ও ১৫ শতাংশ জামায়াতকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে আরও উল্লেখ করা হয়, ৬৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, নির্বাচনের পর বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে।
ন্যাশনালিস্ট রিসার্চ সেল: বিএনপি পেতে পারে ২২০ আসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপে বিএনপির আরও বড় জয় দেখানো হয়েছে। জরিপ অনুযায়ী, বিএনপি ২২০টি এবং জামায়াতে ইসলামী ৫৭টি আসন পেতে পারে। এ ছাড়া জাতীয় পার্টি ৫টি, এনসিপি ২টি, স্বতন্ত্র প্রার্থী ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে।
৩০০ জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এ জরিপ পরিচালিত হয়। এতে ৭৭ শতাংশ বিএনপি ও ১৬ শতাংশ জামায়াতে ইসলামীকে সমর্থনের কথা জানিয়েছেন। সংগঠনটির দাবি, জরিপে অংশ নেওয়া ৯৯ শতাংশ উত্তরদাতা নিজ নিজ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট। গণভোট প্রসঙ্গে ৪৯ শতাংশ এখনও সিদ্ধান্তহীন, ৩০ শতাংশ ‘হ্যাঁ’ এবং ২১ শতাংশ ‘না’ ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
সব মিলিয়ে তিনটি জরিপেই নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিললেও ফলাফল নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। ভোটের দিনই চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।
১২৩ বার পড়া হয়েছে