স্বাধীনতাবিরোধীদের মুখে বিকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস দুর্ভাগ্যজনক : সালাহউদ্দিন
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তির মুখে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শোনা এ দেশের মুক্তিযোদ্ধাদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয়। যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজ তারাই ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে।
সোমবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া বাসস্ট্যান্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ১২ তারিখ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দেশের মানুষ বিশ্বাস করে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সরকার গঠিত হলে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম শুরু হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দুর্বলতার সুযোগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে একটি পক্ষ পরিকল্পিতভাবে এর দায় বিএনপির ওপর চাপিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভোটের পর দলের কেউ যদি অন্যায়ের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে টানাহেঁচড়া করছে। এমনকি একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে স্বাধীনতার ঘোষককে নিয়েও বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। অথচ একাত্তরে তারাই মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং দেশের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। দেশের মানুষের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে ফিরে এসেছেন। এই বর্ধিত জীবন তিনি দেশের মানুষের সেবা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার কাজে ব্যয় করতে চান।
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কিংবা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আর কাউকে রক্ত দিতে হবে না। সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও সমঅধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ধানের শীষে ভোট চান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
১২৩ বার পড়া হয়েছে