তালায় শিক্ষক ও শিশুকন্যার ওপর চাঁদাবাজির হামলা, অভিযুক্ত আটক
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় চাঁদা না দেওয়ায় এক কলেজ শিক্ষক ও তার ছয় বছরের শিশুকন্যাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকের মোটরসাইকেল ভাঙচুর ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহত শিক্ষক হিরন্ময় মন্ডল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক। তিনি তালা উপজেলার মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে। তার শিশুকন্যার নাম নাতাশা মন্ডল (৬)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলার দলুয়া–মশিয়াডাঙা ও আহসাননগর–দলুয়া সড়কের কৃষ্ণনগর তিন রাস্তার মোড়ে (কালভার্টের ওপর) এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী শিক্ষক হিরন্ময় মন্ডল জানান, সকালে মেয়েকে নিয়ে পাসপোর্ট করানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে রওনা হন। সকাল পৌনে ১০টার দিকে কৃষ্ণনগর তিন রাস্তার মোড়ে পৌঁছালে সজীব সরদার নামের এক ব্যক্তি মোটরসাইকেলটি আড় করে দাঁড়ান। সরে যেতে বললে তিনি গালিগালাজ করেন এবং একপর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড দিয়ে তাকে ও তার শিশুকন্যাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তার ব্যবহৃত অ্যাপাচি-১২৫ মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং সঙ্গে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। বাকি চাঁদার টাকা এক সপ্তাহের মধ্যে না দিলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী পালানোর সময় আটক হন। আটক ব্যক্তি সজীব সরদার (৩১) পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের টিকারামপুর গ্রামের বাসিন্দা। তিনি টিকারামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক সরদারের ছেলে বলে জানা গেছে।
এদিকে টিকারামপুর গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সজীব সরদার নিজেকে ক্ষমতাসীন দলের লোক দাবি করে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
খলিশখালি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ জানান, জনগণের সহায়তায় সজীব সরদারকে আটক করে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। তার কাছ থেকে ছিনতাইকৃত এক হাজার টাকার মধ্যে ৯২৫ টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ৭৫ টাকা সিগারেট কেনায় খরচ হয়েছে বলে তিনি দাবি করেছেন।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব বালা জানান, এ ঘটনায় আহত শিক্ষক হিরন্ময় মন্ডল বাদী হয়ে সোমবার বিকেলে থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২২ বার পড়া হয়েছে