দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোলার দুর্গম এলাকায় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম. নাজমুল হাসান রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এই তথ্য জানান।
নৌবাহিনী প্রধান জানান, ভোটগ্রহণের সময় জরুরি প্রয়োজনে নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে আমরা সবরকম সহযোগিতা প্রদান করব। ভোটগ্রহণ ও ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত নৌবাহিনী তার দায়িত্ব পালন করবে।”
এছাড়া, সাংবাদিকদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান গনমাধ্যমকেও দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতার আহ্বান জানান। এর আগে তিনি ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরিদর্শনে ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে